ইহুদী কর্মী বরখাস্তের ঘটনায় ক্ষমা চেয়েছে গিটহাব

১৯ জানুয়ারি, ২০২১ ১৬:১৪  
একজন ইহুদী কর্মচারীকে বরখাস্ত করার জন্য ক্ষমা প্রার্থনা করেছে সফটওয়্যার জায়ান্ট গিটহাব। সহকর্মীদের নাৎসিদের ব্যাপারে সতর্ক করেছিলো ওই কর্মী। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গায় অংশগ্রহণকারীদের বর্ণনা করতে শব্দটি ব্যবহার করার দুই দিন পর ওই কর্মচারীকে বরখাস্ত করা হয়। কিন্তু গিটহাব এখন বলছে, সিদ্ধান্তটি ভুল ছিল এবং এই কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বরখাস্ত হওয়া কর্মচারীকে তার চাকরি ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি “নাৎসিদের সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে কর্মীরা স্বাধীন” বলেও পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে। মাইক্রোসফটের মালিকানাধীন গিটহাব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ডেভলপমেন্ট টুলগুলোর একটি, যার ৫ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে।